ইউকে বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
হেডলাইন

দিনাজপুরে মাত্র ১০ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দিনাজপুরের বোচাগঞ্জে মাত্র ১০ হাজার টাকার জন্য বন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে মনোজিৎ রায় (২২) নামে এক যুবক। নিহত ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্র রায় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ঘটনার প্রায় পাঁচ দিন পর পুলিশের জালে ধরা পড়ে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক মনোজিৎ।

শনিবার (২৮ জুন) দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফের নেতৃত্বে অভিযানে গিয়ে পুকুর থেকে নিহত সাধনের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৫ জুন পুকুরে সাধনের লাশ ভেসে উঠলে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, গত ৩ মে সাধন তার বন্ধুকে ১০ হাজার টাকা ধার দেন, শর্ত ছিল ৩ জুনের মধ্যে ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি পরিবারে জানাজানি হয় এবং মনোজিতের মা ছেলেকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ জুন রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে পুকুরপাড়ে সাধনকে বাশেঁর লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে মনোজিৎ। পরে লাশ, মোবাইল ফোন ও মোটরসাইকেল পানিতে ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ বিভিন্ন সূত্র ধরে শুক্রবার (২৭ জুন) ঠাকুরগাঁও থেকে মনোজিৎকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে লাশ ফেলার স্থান ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার ওসি জাহিদ হাসান সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ