ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আসন্ন রমজান মাসে মাংস, দুধ, ডিম, ড্রেসড ব্রয়লার ইত্যাদির সরবরাহ বাড়িয়ে এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
তিনি বলেন, আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণন করা হবে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র রমজান মাস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের করণীয় হিসেবে বিভিন্ন এজেন্ডার ওপর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত রমজানে প্রাণিজ পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ করে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি প্রদানের লক্ষ্যে ঢাকা শহরের ২০টি স্থানে ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস, দুধ ও ডিম সাশ্রয়ী মূল্যে বিপণন করা হয়। আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫ টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এতে এসব পণ্যের বাজারদর সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সঠিক মূল্যে পশু খাদ্য উপকরণ আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অন্য স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে মো. আব্দুর রহমান বলেন, রমজান মাসে কম লাভে ও ধর্মীয় বিশ্বাস থেকে পুণ্য লাভের উদ্দেশ্যে এসব পণ্য বিক্রি করতে হবে।
ব্যবসায়ীদের ভোগান্তিতে ফেলা সরকারের উদ্দেশ্য নয়; বরং ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারে সে বিষয়টিও সরকার সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
তিনি বলেন, জনগণ যাতে রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য কিনতে পারে সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীন আখতার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন সভায় উপস্থিত ছিলেন।








