ইউকে বাংলা অনলাইন ডেস্ক :তীব্র শীতের কারণে ফরিদপুর জেলায় দুই দিন স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা অফিস। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেব নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে ফরিদপুর জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল জানান, জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে ফরিদপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য সংগ্রহ করে জেলার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী বুধবার ও বৃহস্পতিবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।










