ইউকে বাংলা অনলাইন ডেস্ক :লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান বলেছেন, নৌকা হলো আওয়ামী লীগের মার্কা, জাতির পিতার মার্কা, মুক্তিযুদ্ধের চেতনার মার্কা। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বাঁচিয়ে রাখার মার্কা হলো নৌকা। দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে এটাই প্রত্যাশা।
সোমবার (১ জানুয়ারি) রামগঞ্জের দরবেশপুর ইউনিয়নে জনসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। এবারের নির্বাচনে তারা ভোট কেন্দ্রে এসে যোগ্য প্রার্থীকে ভোট দিবে। এই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তারাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ সোনায় পরিণত করবে।
তিনি বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন। আপনাদের কাছে আমার প্রথম আহ্বান থাকবে, আপনারা একটু কষ্ট করে হলেও ভোট কেন্দ্রে এসে উপস্থিত হবেন। আপনাদের আত্মীয়-স্বজন পরিবারের সকলকে নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করবেন। দ্বিতীয় আহ্বান হলো, লক্ষ্মীপুর-১ আসনে যারা দাঁড়িয়েছে সেখান থেকে আপনাদের বিবেচনায় যদি মনে হয় আমি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষার পরিবেশ সুষ্ঠু থাকবে, সন্ত্রাসমুক্ত হবে, চাঁদাবাজ, ধান্দাবাজ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য কাজ করবে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, বঙ্গবন্ধু কন্যার প্রার্থী হিসেবে আমাকে ভোটটা দিবেন।
তিনি বলেন, ‘গত ৫ বছর এমপি থাকা অবস্থায় কোন জায়গা থেকে পার্সেন্ট নেইনি। প্রয়োজনে মার্তৃভূমির মানুষকে দিয়েছি। আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই।’
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










