ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর এক কর্মী ও আওয়ামী লীগ নেতা এসকান্দার খা’কে (৪৫) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সমর্থকদের বিরুদ্ধে।
পরিবারের ভাষ্য, এসকান্দার খাঁ শনিবার ফজরের নামাজ শেষে বাড়ির দিকে রওনা দেন। পথে নৌকার প্রার্থীর কিছু সমর্থক এসে তাকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে মারা যায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন।
নিহত ইস্কান্দার খা (৫৬) কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটোবালী গ্রামে আমির খানের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সমর্থক ছিলেন বলে জানা গেছে।
কালকিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম মোল্লা বলেন, বরিশালে আসার পথেই এসকেন্দার খার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কুপিয়ে এসকেন্দার খাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুরের কালকিনিতে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।








