ইউকে বাংলা অনলাইন ডেস্ক :টানা ১৪ দিন অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটের সুনামগঞ্জ ও কোম্পানীগঞ্জের কিছু এলাকায়। সারাদেশের মানুষের যখন গরমে হাঁসফাঁস অবস্থা, তখন বৃষ্টির ছোঁয়া পেল সিলেটবাসী। সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে হালকা বৃষ্টি হয়ে থেমে যায়। এরপর রাত ১০টায় শিলাবৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে রাতে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বৃষ্টিতে বাজার এলাকার অনেককে রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।
ঢাকায় চাকরি করেন কোম্পানীগঞ্জের ছেলে এহসানুল হক পারভেজ। ছুটি নিয়ে আজই বাড়ি ফিরেছেন।
তিনি বলেন, ঢাকায়ও প্রচণ্ড গরম রেখে এসেছি। বাড়িতে এসেও দেখেছি একই অবস্থা। যাক বাড়ি এসে বৃষ্টির দেখা মিলল। খুব স্বস্তি লাগছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন গণমাধ্যমকে বলেন, আগেই আমরা বৃষ্টির আভাস দিয়েছিলাম। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও এর আশপাশের এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।
এর আগে সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের তিন বিভাগের দুই এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।
টানা গরমে হাপিত্যেশ ওঠার পর এই বৃষ্টিতে প্রকৃতি শীতল হয়েছে বলে জানান তিনি।










