ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরী গুলজারের মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগম (২২) হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ (১) এর বিচারক মো. আজিজুল হক এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে দিবাগত রাতে নবীগঞ্জের সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরীর বাড়ি থেকে তার মা ও স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রুমি বেগমের ভাই পরদিন নবীগঞ্জ থানায় তালেব ও শুভকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্তের দায়িত্ব পায়।
২০১৮ সালের ১১ আগস্ট গোয়েন্দা পুলিশের তৎকালীন ওসি শাহআলম অভিযুক্ত দুইজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশীটে উল্লেখ করা হয় যৌন চাহিদা পূলণ করতে না পেরে তারা এ হত্যাকান্ড ঘটায়। পরে ৩১ জনের সাক্ষী গ্রহণ ও দীর্ঘ বিচার কাজ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। রায়ে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় প্রদানের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন-নবীগঞ্জ উপজেলার আমতৈল গ্রামের আমির হোসেনের ছেলে তালেব মিয়া (২৯) ও একই উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে জাকারিয়া আহমেদ শুভ (২৫)।
রায় প্রদানের সময় এরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমেদ জানান, আসামী দুইজন কুপ্রবৃত্তি চরিতার্থ করতে না পেরে শাশুড়ি ও বউকে উপর্যুপরি আঘাত করে হত্যার সাথে জড়িত ছিল। এই দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মামলার ৩২ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষী গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।










