ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। গত ২ এপ্রিল তিনি লন্ডন আসেন আগামী ৯ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সিসিকের গত দুই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। এবার বিএনপির পক্ষ থেকে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে দলটি।
এ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী সিটি নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা।
হঠাৎ তাঁর লন্ডন সফরকে কেন্দ্র করে এ জল্পনা-কল্পনার মাত্রা বেড়েছে। অন্যদিকে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গরম হয়ে উঠেছে। অনেকেই বলছেন,সিসিক নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তিনি লন্ডন এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না তবে আরিফুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন। এ ধরণের গ্রীণ সিগন্যাল নাকি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট থেকে পেয়েছেন।
বিষয়টি নিয়ে মেয়র আরিফের সাথে কথা বললে তিনি দৈনিকসিলেটকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা অস্বীকার করে বলেন, এ বিষয়টি আমি নিজেই জানি না উনারা জানলেন কিভাবে? আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের সাথে এখন পর্যন্ত আমার দেখাই হয়নি।
তিনি বলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমার মায়ের সাথে দেখা করে আমাকে নির্বাচনে অংশ নেবার জন্য অনুরোধ করছেন।
আমি দেশে ফিরে নগরবাসীকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেবো।
উল্লেখ্য, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এ পর্যন্ত চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবার আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। প্রথম দুইবার বদরউদ্দিন আহমদ কামরান নির্বাচিত হন। ২০১৮ সালের সবশেষ অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ৯২ হাজার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পান ৮৬ হাজার ৩৯২ ভোট। এরআগে ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আরিফুল হক চৌধুরী ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হন; ওই সময়ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বদরউদ্দিন আহমেদ কামরান। কামরান পেয়েছিলেন ৭২ হাজার ১৭৩ ভোট।










