ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে প্রগ্রেস রিভিউ সভা, স্টাফ ও স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের কোম্পানীগঞ্জে ৪০০ পরিবারকে ঘর পুনঃনির্মাণ ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণ প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। সভায় রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের উৎপত্তি, কার্যক্রম ও মূলনীতি বিষয়ে বক্তব্য রাখেন ডিআর অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল আমিন।
সিলেট ইউনিটের প্রোগ্রাম অর্গানাইজার ও সিইএ মো. নাজিম খানের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. মজির উদ্দিন, ডিআর বিভাগের পিও (ক্যাশ)মো. আলমাহমুদুর রহমান, অর্থ বিভাগের ফাইন্যান্স অফিসার তানভীর আনজুম, কো-অর্ডিনেটর (শেল্টার ক্লাস্টার) আইএফআরসি ঢাকা অফিসের এ.কে.এম. জহিরুল আলম, আইএফআরসির মনিটরিং ও রিপোর্টিং অফিসার এহসানুল হক।
এসময় কোম্পানীগঞ্জে বন্যা-২০২২ রিকভারি অপারেশনের বিস্তারিত তুলে ধরেন কমিউনিটি কো-অর্ডিনেটর, এনডিআরটি সদস্য নুরুল ইসলাম মামুন ও আশরাফুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেটের ইউনিট অফিসার নাজির শিকদার, যুব প্রধান পলাশ গুন, উপ যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, উপ যুব প্রধান-২ মো. বদরুল আজাদ, আমিনা আহমেদ, সহযোগি স্বেচ্ছাসেবক প্রকৌশলী ইফতেখার শামীম, কমিউনিটি অর্গানাইজার হাবিবা, কুলসুমা, প্রবাসী রাণী, রাহিমা বেগম ও ঝর্ণা রাণী প্রমূখ।
উদ্বোধনী বক্তব্যে আব্দুর রহমান জামিল বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। যেকোনো দূর্যোগ-দূর্বিপাকে সাধারণ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ বিভিন্নভাবে সহযোগিতা করছে। ২০২২ এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের ইতোমধ্যেই ঘর ও ল্যাট্রিন নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য রেড ক্রিসেন্টের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। প্রত্যেক অসহায় দুঃস্থদের ঘরে ঘরে রেড ক্রিসেন্টের সহযোগিতা পৌঁছে দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।










