ইউকে বাংলা অনলাইন ডেস্ক : ৩৬ বছর পর বিশ্বকাপ ফুটবলের ট্রফি ফিরলো লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়। ফ্রান্সকে হারিয়ে তাদের এই জয়কে উদযাপন করতে শীতের রাতকে উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন সিলেটের আর্জেন্টিনা সমর্থকরা। মেসি মেসি স্লোগানে পুরো শহর কাঁপিয়ে তুলেছিলেন তারা। এমনকি প্রিয় দলের জাতীয় পতাকা হাতে জার্সি গায়ে মিছিল করতেও ভোলেননি তারা।
রোববার (১৮ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সের বিরুদ্ধে জয় নিশ্চিত হওয়ার পরপরই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা।
ফাইনাল খেলা শুরুর আগে থেকেই সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যায় আর্জেন্টিনা সমর্থক ও সাধারণ মানুষে। বড় পর্দায় খেলা উপভোগ করেন সাবাই। আর্জেন্টিনা ও ফ্রান্সের পাল্টাপাল্টি আক্রমণ প্রতি আক্রমণে ভয় ধরে সমর্থকদের মধ্যে। খেলা যখন অতিরিক্ত সময় গড়িয়ে ট্রাইবেকারে তখন আর্জেন্টিনা সমর্থকদের উদ্বেগ আরো বাড়তে থাকে। কিন্তু সেই ট্রাইবেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে জয় নিশ্চিত হতেই আন্দন্দে মেতে ওঠেন সিলেটের আর্জেন্টিনার সমর্থকরা। মেসি মেসি স্লোগানে পুরো শহর কাঁপিয়ে তোলেন তারা।
আর্জেন্টিনার সমর্থক শাহজাহান সাজু বলেন, ‘এ আনন্দ ঘরে-বাইরে সবার। এ আনন্দ সারা বিশ্ববাসীর। এ জয় ছন্দের খেলার জয়, মেসির জয়। এ যেন অনেক বড় পাওয়া। বিশ্বকাপের এই ট্রফি মেসির প্রাপ্য ছিল। আমদের দশ বিশ্ব জয়ী হয়েছে, আর সেটা খেলেই হয়েছে।’
ফ্রান্স বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর পুরো শহরের অলিগলি থেকে মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল, ঢোল, ভুভুজেলা, বাঁশি বাজিয়ে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্রে জড়ো হন হাজারো ভক্ত-সমর্থক। এসময় মিছিলের উৎসবে ঘুম ভাঙে পুরো শহরের।
আর্জেন্টিনার আরেক ভক্ত হাফিজুর রহমান সুমন বলেন, ‘আর্জেন্টিনার গোলকিপার আসলেই বাজ পাখির মতো। আমি বলব সে সত্যি একটি বাজপাখি। মেসিসহ পুরো দলের সবাই আজকে দারুণ খেলা উপহার দিয়েছে। ফাইনাল খেলে দারুণভাবে আমাদের মতো ভক্তদের আনন্দের পথ খুলে দিয়েছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। বিশেষ করে মেসি, খেলার যাদুকর।










