ইউকে বাংলা অনলাইন ডেস্কঃ মাল্টি কালচারের নগরখ্যাত লন্ডন উৎসব আর অনুষ্ঠানের জন্য ব্রিটিশদের কাছে সবসময় পছন্দের স্থান। নানা অনুষ্ঠান আর উৎসবের আয়োজনে এ নগরীর সুনাম বিশ্বময়। লোকজন এখানে অপেক্ষায় প্রহর গুনতে থাকেন তার প্রিয় অনুষ্ঠানটির জন্য। আর সে অনুষ্ঠান যদি অস্কারখ্যাত মর্যাদার হয় তা হলে সেটার জন্য অপেক্ষার মাত্রাও থাকে ভিন্ন। এবারও ব্রিটিশদের কাছে এর ব্যতিক্রম নয়। ব্রিটেনের কারী শিল্পের অস্কারখ্যাত ‘ব্রিটিশ কারী অ্যাওয়ার্ডস ২০২১‘ এর জন্য অপেক্ষার পালা শেষ হচ্ছে আজ ২৯ নভেম্বর সোমবার। আজ সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের ঐতিহ্যবাহী বাটারসি এভুলেশন পার্কে পর্দা উঠছে কারী অস্কারের। ইভেন্টপ্রেমীদের কাছে বছরের সেরা এ আয়োজন থাকে অনেকটা সারপ্রাইজ। দেশসেরা এ আয়োজনে উপস্থিত হন বিশ্বখ্যাত সব সেলিব্রেটিরা। ভিন্ন মাত্রার শিল্প বিকাশে ব্রিটেনে বাংলাদেশীদের অসাধারণ কারী শিল্পের বিকাশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এ আয়োজনকে গ্রেট ব্রিটেনের রাণী থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রীরা বলেছেন একটি শিল্প জনপ্রিয় করতে এমন আয়োজন শুধু সেরা নয় এটি অনন্য। সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছিলেন, “চিকেন টিক্কা আমাদের প্রিয় খাবার। কারিবিহীন একটি সপ্তাহও কল্পনা করতে পারেনা ব্রিটিশ নাগরিকরা। পুষ্টিকর ও খাদ্যের অসাধারণ গুনগত মানসম্পন্ন এ খাবার যারা পরিবেশন করেন তারা সেরা ব্রিটিশ।” সাবেক এ ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ ক্যারী এওয়ার্ডস আর আয়োজনে মুগ্ধ হয়ে আরো বলেছিলেন, এমন আয়োজন কারী শিল্পের বিকাশে মাইলফলক এবং ব্রিটিশদের জন্য অস্কার।
গত প্রায় দু‘বছর বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে বর্ণাঢ্য এ আয়োজনটি ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। তবে সেখানেও ছিল ভিন্নমাত্রা। কারী শিল্পের বিকাশের পাশপাশি যারা মানবতার কল্যানে মহামারীতে অবদান রেখেছিলেন তাদের সম্মানীত করা হয় করোনাকালীনক্যারী এওয়ার্ডে।
বিশ্বব্যাপী মহামারীর প্রায় দু‘বছর পর এবারের ক্যারী অস্কার ও সাজানো হয়েছে ভিন্নমাত্রায়। ব্রিটেনের জাতীয় রাজস্ব আয়ের বিলিয়ন পাউন্ডের বিশাল অংশীদার যে কারী শিল্প সেই শিল্পের অস্কারখ্যাত অনুষ্ঠানের মর্যাদা তুলে ধরতে বরাবরের মতোই আয়োজনে ভিন্নতা দিয়ে দিয়েই সাজানো হয়েছে ১৭তম কারী অস্কারের জমকালো এ আয়োজনকে।
প্রায় দু‘বছর পর পৃথিবীব্যাপী করোনার ভয়াবহতা কাঠিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর এবারের আয়োজনে ভিন্নতা থাকবে এমনটি ইঙ্গিত করেছেন অস্কারখ্যাত কারী এওয়ার্ডের জনক এনাম আলী এমবিই। এনাম আলী এমবিই বলেন, আমাদের পূর্বপুরুষেরা ব্যবসাকে অর্থনৈতিক উন্নতির পথ হিসেবে না দেখে এর মাধ্যমে ব্রিটেনের মাল্টিকালচারাল কমিউনিটিতে ভালোবাসার যে সেতুবন্ধন তৈরী করে গেছেন এরই বাস্তব রূপ হচ্ছে আজকের কারী ছাড়া তারা এক সপ্তাহও কল্পনা করতে পারেন না। কারী ইন্ডাস্ট্রির মাধ্যমে ব্রিটেনের জাতীয় বাজেটে আমরা আজ অবদান রাখছি কিন্তু এ শিল্পের প্রকৃত বিকাশে আমাদের অবদান আরো শানিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, পৃথিবী পরিবর্তন হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এর সাথে সম্পৃক্ত করতে তাদের সময়ের ভিন্নতায় পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের শেকড় থাকবে সেই সাথে শিল্পের বিকাশে যোগোপযোগী উদ্যোগও নিতে হবে। ব্রিটিশ কারী অ্যাওয়ার্ড এর মাধ্যমে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
কারী শিল্পের বিকাশে বাবার নিরন্তন প্রচেষ্টা যারা জন্মের পর থেকে দেখছে সেই এনাম আলী এমবিই কন্যা জাস্টিন আলীর প্রযোজনা ও তরুণ ব্যবসায়ী জেফরী আলীর সহ–প্রযোজনায় অনুষ্ঠানে এবারও বসবে মিডিয়া, শিল্প, সাহিত্য, রাজনীতিসহ ব্রিটেনের মূলধারার নানাপেশায় সফল সেলিব্রেটিদের মিলন মেলা। পৃথিবীর সাথে করোনার ভয়াল থাবায় থমকে যাওয়া ব্রিটেনের স্বাভাবিক জীবনে ফিরে আসার পর এ আয়োজনেও ফুঠে উঠবে উৎসবের বর্ণিল আমেজ। প্রায় দু’হাজারের মত আমন্ত্রিত অথিতির উপস্থিতিতে বাটারসি পার্ক ফিরে পাবে তার পুরানো পরিচয়।
মূলধারার শিল্পীদের পরিবেশনায় ক্যারী অস্কারের এ আয়োজনে বরাবরই তুলে ধরা হয় বাঙালীর নিজস্ব সংস্কৃতির নানা দিক। শেকড়ের সাথে নিজের জাতিকে এখানেও পরিচয় করিয়ে দিতে প্রয়াস চালান একজন ইভেন্ট মাস্টার এনাম আলী।
সাবেক ব্রিটিশ শিক্ষামন্ত্রী নিকি মর্গানের ভাষায়, ‘’বাংলাদেশীদের কারী আজ ব্রিটিশ হাউসহোল্ড ব্র্যান্ড। বিশ্বময় এখন সেটি রপ্তানী হওয়ার পাশাপাশি ব্রিটেনের জাতীয় অর্থনীতিতে যোগান দিচ্ছে বিলিয়ন পাউন্ড রাজস্ব। এর মাধ্যমে সুদৃঢ় হচ্ছে আমাদের অর্থনীতি।’’













